

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র আবারও মানবিক উদ্যোগের মাধ্যমে আলোচনায় এসেছেন। ভেনেজুয়েলায় সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা, অনুদান দিয়েছেন।
ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও জানিয়েছে, নেইমারের দেওয়া অর্থ ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি মানবিক সহায়তায় ব্যবহার করা হবে। এর মধ্যে খাদ্য, বিশুদ্ধ পানীয় পানি, অস্থায়ী আশ্রয় এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ অন্যতম।
অনুদান প্রসঙ্গে নেইমার বলেন, ‘ভেনেজুয়েলার মানুষের কষ্ট আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। আমি আশা করি, আমার এই সামান্য সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কঠিন সময়ে কিছুটা হলেও স্বস্তি ও সাহস জোগাবে।’
আরও পড়ুন:
ঘানাকে ২-১ গোলে হারিয়ে নকআউটে ক্রোয়েশিয়া
সম্প্রতি রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলায় ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পের পর ধারাবাহিক আফটারশকের কারণে উদ্ধার অভিযানও ব্যাহত হচ্ছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ভূমিকম্পে অন্তত ১ হাজার ৪৩০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩ হাজার ২৩৮ জনেরও বেশি। এছাড়া তিন হাজারের বেশি পরিবার ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় আন্তর্জাতিক বিভিন্ন মানবিক সংস্থা ও কয়েকটি দেশ ইতোমধ্যে ত্রাণ কার্যক্রম শুরু করেছে।
এদিকে ৩৪ বছর বয়সী নেইমার বর্তমানে বিশ্বকাপে ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলছেন। ইনজুরির কারণে গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচে মাঠে নামতে না পারলেও স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে জাতীয় দলে প্রত্যাবর্তন করেন। নকআউট পর্বের আগে তার ফিরে আসা ব্রাজিল দলের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
© 2026 News Alo All Rights Reserved.