

বিশ্ব ফুটবলের অন্যতম সফল দল ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে এখনো নকআউট নিশ্চিত করতে পারেনি। ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে চার পয়েন্ট সংগ্রহ করেছে সেলেসাওরা। ফলে শেষ ষোলোর পথে বেশ ভালো অবস্থানেই রয়েছে তারা।
তবে রাউন্ড অব ৩২-এ সরাসরি জায়গা নিশ্চিত করতে হলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ইতিবাচক ফল অর্জন করতে হবে ব্রাজিলকে। বর্তমানে গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের পয়েন্ট ৪ এবং গোল ব্যবধান +৩। সমান চার পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মরক্কো। তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে স্কটল্যান্ড, আর দুই ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়া হাইতি রয়েছে টেবিলের নিচে।
আরও পড়ুন:
অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল যুক্তরাষ্ট্র
এ অবস্থায় স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ হলেও পরাজয় মানেই বিশ্বকাপ থেকে বিদায় নয়। কারণ ২০২৬ বিশ্বকাপে ৪৮টি দল অংশ নিচ্ছে এবং নতুন ফরম্যাট অনুযায়ী প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দলের পাশাপাশি আটটি সেরা তৃতীয় স্থান অর্জনকারী দলও রাউন্ড অব ৩২-এ খেলার সুযোগ পাবে।
যদি স্কটল্যান্ডের কাছে ব্রাজিল হেরে যায়, তাহলে স্কটল্যান্ডের পয়েন্ট হবে ৬ এবং ব্রাজিল আটকে থাকবে ৪ পয়েন্টে। তখন ব্রাজিলের অবস্থান অনেকটাই নির্ভর করবে মরক্কো ও হাইতির ম্যাচের ফলাফলের ওপর।
মরক্কো যদি হাইতিকে হারায়, তাহলে তাদের পয়েন্ট হবে ৭। আর ম্যাচ ড্র হলে মরক্কোর পয়েন্ট দাঁড়াবে ৫। উভয় পরিস্থিতিতেই মরক্কো ও স্কটল্যান্ড গ্রুপের শীর্ষ দুই দল হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেবে এবং ব্রাজিল তৃতীয় স্থানে নেমে যাবে।
তবে মরক্কো যদি হাইতির কাছে পরাজিত হয়, তাহলে ব্রাজিল ও মরক্কো উভয়েরই পয়েন্ট থাকবে ৪। সেক্ষেত্রে দ্বিতীয় স্থান নির্ধারণে গোল ব্যবধান গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বর্তমানে গোল ব্যবধানে মরক্কোর চেয়ে এগিয়ে থাকায় স্কটল্যান্ডের কাছে স্বল্প ব্যবধানে হারলেও ব্রাজিলের দ্বিতীয় স্থানে থেকে পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা থাকবে।
অন্যদিকে, কোনো ধরনের হিসাব-নিকাশের প্রয়োজন হবে না যদি ব্রাজিল স্কটল্যান্ডকে হারাতে পারে। সে ক্ষেত্রে তাদের পয়েন্ট হবে ৭ এবং নিশ্চিতভাবেই নকআউট পর্বে জায়গা করে নেবে। এমনকি ম্যাচটি ড্র হলেও ৫ পয়েন্ট নিয়ে শীর্ষ দুইয়ে থাকার সম্ভাবনা অনেক বেশি থাকবে।
সব মিলিয়ে, স্কটল্যান্ডের বিপক্ষে হারলেও ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যাবে না। তৃতীয় স্থানে থেকেও সেরা তৃতীয় দলগুলোর তালিকায় থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে আনচেলত্তির শিষ্যদের সামনে।
© 2026 News Alo All Rights Reserved.