নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বলেছেন, জনগণের আস্থা অর্জন করতে হলে জনপ্রতিনিধিদের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনসেবায় আরও আন্তরিক হতে হবে। জনগণ এখন সচেতন। তারা উন্নয়ন, স্বচ্ছতা ও সহযোগিতা প্রত্যাশা করে। স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকর স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। তাই দক্ষতা, সততা ও সেবার মান দিয়েই জনগণের বিশ্বাস অর্জন করতে হবে।
সোমবার (১১ মে) নারায়ণগঞ্জ সদর উপজেলা অডিটরিয়ামে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে আয়োজিত তিন দিনব্যাপী অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক রায়হান কবির আরও বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং তা জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইউনিয়ন পরিষদকে হতে হবে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব। পাশাপাশি নিজস্ব আয় বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নের দিকেও গুরুত্ব দিতে হবে। তবেই স্থানীয় সরকার ব্যবস্থা আরও শক্তিশালী হবে।
সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালক নিলুফা ইয়াসমিন, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা, কাশিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজ্বী শামীম আহমেদ, বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকি আক্তার, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম মিয়া, গোগনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সচিব ও সদস্যবৃন্দ।
আগামী বুধবার তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি হবে।
এর আগে জেলা প্রশাসক নারী সেবা গ্রহীতাদের জন্য ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ এবং অপেক্ষাগার ‘স্নেহকুঞ্জ’-এর উদ্বোধন করেন।
© 2026 News Alo All Rights Reserved.