এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:
অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পুলিশ সপ্তাহ–২০২৬ এ সম্মাননা স্মারক পেয়েছেন কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স-এ আয়োজিত বর্ণাঢ্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা গ্রহণ করেন তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখায় এই স্বীকৃতি প্রদান করা হয়েছে। জেলা পুলিশের ধারাবাহিক সফল অভিযানের ফলে অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশের কমিশনার, বিভিন্ন ইউনিট প্রধান, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া জেলা পুলিশ জানায়, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন এবং মাদক ও অস্ত্রবিরোধী অভিযান পরিচালনায় তারা সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করে যাচ্ছে। এই সম্মাননা ভবিষ্যতে আরও জনবান্ধব ও কার্যকর পুলিশি সেবা প্রদানে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
© 2026 News Alo All Rights Reserved.