

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) রাজধানীর উত্তরায় অবস্থিত বিজিএমইএ কমপ্লেক্সে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রথম সহ-সভাপতি সেলিম রহমান।
এজিএমে বিজিএমইএর বর্তমান পরিচালনা পর্ষদের সহ-সভাপতি ও পরিচালকরা ছাড়াও সাবেক সভাপতি, সাবেক সহ-সভাপতি, সাবেক পরিচালক, বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, সদস্য এবং সাধারণ সদস্যরা অংশ নেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নুল আবদিন ফারুক এমপি।
আরও পড়ুন:
পুশ-ইনে টাকার প্রলোভন! সীমান্তের দরিদ্রদের ব্যবহার করছে চক্র
সভায় ২০২৪-২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণী উপস্থাপন ও অনুমোদন করা হয়। একই সঙ্গে ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট অনুমোদনের পাশাপাশি নতুন অর্থবছরের জন্য নিরীক্ষকও নিয়োগ দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে মাহমুদ হাসান খান দেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান অবস্থা, গত এক বছরে পরিচালনা পর্ষদের বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি শিল্পের টেকসই উন্নয়ন, বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধি এবং রপ্তানি খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
এ সময় বিজিএমইএর সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান সংগঠনের আর্থিক প্রতিবেদন এবং আগামী অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।
সভায় বক্তারা পোশাক শিল্পের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং শিল্পের অগ্রগতিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে বর্তমান পরিচালনা পর্ষদের সফল এক বছর পূর্তি উপলক্ষে সিলভার ক্লাব লিমিটেড, ঢাকার পক্ষ থেকে বিজিএমইএকে অভিনন্দন জানিয়ে একটি কেক উপহার দেওয়া হয়। পরে বিজিএমইএর নেতৃবৃন্দ কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের উন্নয়ন ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত এ সভায় সদস্যদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
© 2026 News Alo All Rights Reserved.