

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় অন্তত সাতজন শ্রমিক আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করলে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
শুক্রবার (১৯ জুন) সকালে ফতুল্লার পাগলা তালতলা এলাকার পুরাতন ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের পাশে অবস্থিত নির্ঝর নিটওয়্যার কারখানায় এ ঘটনা ঘটে।
আহত শ্রমিকরা হলেন— শাহীন (২৫), জাকির হোসেন (২৫), সাবিনা বেগম (৩৪), মঞ্জু মিয়া (২৮), আরিফিন (২২), হৃদয় (২৭) এবং খাদিজা (২০)।
ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় এক ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ সময় উত্তেজিত কিছু শ্রমিক কারখানার অন্তত ১০ জন কর্মকর্তা-কর্মচারীর ওপর হামলা চালিয়ে মারধর করেন বলে জানা গেছে।
শ্রমিকদের অভিযোগ, কারখানার বয়লারটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। তারা একাধিকবার কর্তৃপক্ষকে এটি পরিবর্তনের অনুরোধ করলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, সকালে উৎপাদন কার্যক্রম চলাকালে হঠাৎ বিকট শব্দে বয়লারটি বিস্ফোরিত হয় এবং এতে কয়েকজন শ্রমিক আহত হন।
দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও জরুরি বিভাগে চিকিৎসার জন্য পাঠানো হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, শ্রমিকদের পক্ষ থেকে আগে থেকেই বয়লার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। বিষয়টি যথাযথভাবে গুরুত্ব দেওয়া হলে এমন ঘটনা এড়ানো সম্ভব হতে পারত। পরে শ্রমিক প্রতিনিধি ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে কারখানা এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
© 2026 News Alo All Rights Reserved.