

অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে আয়োজিত মৌলিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জে।
সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব ও কোর্স পরিচালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মাসুদুল হাসান ভূঁইয়া।
সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সরকার অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
আরও পড়ুন:
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ, হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড
তিনি বলেন, “দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করতে হবে।”
এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও সুযোগ-সুবিধা গ্রহণ করে নিজেদের জীবনমান উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মাসুদুল হাসান ভূঁইয়া বলেন, অনগ্রসর জনগোষ্ঠীকে মূলধারার অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ কর্মসূচির প্রধান লক্ষ্য। মৌলিক দক্ষতা অর্জনের মাধ্যমে তারা ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি করতে পারবেন।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
© 2026 News Alo All Rights Reserved.