

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সশস্ত্র ডাকাত দলের হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনসহ ছয়জন আহত হয়েছেন। একই রাতে পার্শ্ববর্তী এলাকায় একটি বাড়িতে ডাকাতির ঘটনায় নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী এবং রাইনাদী-আতাদী এলাকায় এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ধন্দী গ্রামের বাসিন্দা এবং বর্তমানে কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকারী সাকিব হাছান খাঁন ছুটিতে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। রাতে বিদ্যুৎ না থাকায় তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির বাইরে রাস্তার পাশে বসে ছিলেন।
আরও পড়ুন:
জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যাড. শাহানাজ জামান
এ সময় ১০ থেকে ১২ সদস্যের একটি সশস্ত্র ডাকাত দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে সাকিব হাছান খাঁন, মুকুল (৩৮), রাজিব (৩২), রুবেল (৩৬), ফারুক (৩২) এবং মুকুলের স্ত্রী ডালিয়া (৩৩) আহত হন।
আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, ওই ঘটনার প্রায় এক ঘণ্টা পর একই ডাকাত দল পার্শ্ববর্তী রাইনাদী-আতাদী এলাকায় সুমন নামের এক ব্যক্তির বাড়িতে হানা দেয়। এ সময় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা এবং প্রায় ১৪ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার বিষয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমান বলেন, ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় যাকে সামনে পেয়েছে তাকেই কুপিয়েছে। হামলায় সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন বুকে আঘাত পান। পরে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানান তিনি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করছে। হামলায় সহকারী কমিশনার (ভূমি)সহ কয়েকজন আহত হয়েছেন। তবে হামলার সময় ডাকাতরা তাদের কাছ থেকে কোনো মালামাল নিতে পারেনি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
© 2026 News Alo All Rights Reserved.