
ঢাকার প্রবেশদ্বার কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ। তিনি বলেন, টার্মিনালটি চালু হলে সায়েদাবাদ বাস টার্মিনালের একটি অংশ এখানে স্থানান্তর করা হবে, যার ফলে রাজধানীর যানজট উল্লেখযোগ্যভাবে কমবে।
বুধবার (২৪ জুন) বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় নির্মাণাধীন বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, রাজধানী ঢাকাকে আরও আধুনিক ও যানজটমুক্ত করতে সরকার সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে যাত্রাবাড়ী ও সায়েদাবাদ বাস টার্মিনালের চাপ কমাতে কিছু পরিবহন কার্যক্রম কেরানীগঞ্জ এবং কাঁচপুরে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী ছয় মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করে যাত্রীসেবার জন্য টার্মিনালটি চালু করা সম্ভব হবে।
আরও পড়ুন:
সৌদি আরবে প্রবাসীদের জন্য জমি কেনার দ্বার উন্মুক্ত
তিনি বলেন, নতুন টার্মিনাল চালু হলে রাজধানীতে প্রবেশ ও বের হওয়া দূরপাল্লার বাসগুলোর ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। একই সঙ্গে যাত্রীদের ভোগান্তি কমবে এবং সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা বৃদ্ধি পাবে।
পূর্ববর্তী সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, অতীতে বাস টার্মিনালগুলো পরিকল্পিতভাবে পরিচালিত হয়নি। অনেক ক্ষেত্রে সেগুলোকে ডিপো হিসেবে ব্যবহার করা হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে নগরীর যান চলাচলের ওপর। বর্তমান সরকার সেই পরিস্থিতির পরিবর্তনে বিভিন্ন অবকাঠামোগত উদ্যোগ বাস্তবায়ন করছে।
তিনি আরও জানান, ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ ইতোমধ্যে প্রায় ৪৮ শতাংশ সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কে চলমান উন্নয়ন প্রকল্পগুলোও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা চলছে।
সড়ক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ সিগন্যাল পয়েন্টগুলোতে পর্যায়ক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সংযুক্ত করা হবে। এর মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা সহজ হবে।
এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, প্রকৌশল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।