
দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজধানী ঢাকায় মারা গেছে ছয়জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন।
শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম এবং হাম-সদৃশ উপসর্গে মোট ৬৭৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া হাম রোগে মারা গেছে ৯৩ জন শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে আরও ৫৮৪ জন।
এ সময়ের মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৯৪৯ জনে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছে ৯১ হাজার ৭৮৯ জন।
আরও পড়ুন:
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১৭৪
তথ্য বিশ্লেষণে দেখা গেছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঢাকা বিভাগ। এ বিভাগে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে ৩০৪ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪৯ হাজার ৭৮৩ জনে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর নজরদারি ও চিকিৎসা কার্যক্রম জোরদার করেছে।
উল্লেখ্য, এ পরিসংখ্যান ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।