
সৌদি আরবে বসবাসরত প্রবাসী এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর এসেছে। দেশটির সরকার বিদেশিদের রিয়েল এস্টেট মালিকানা সংক্রান্ত নির্বাহী বিধিমালার অনুমোদন দিয়েছে, যার ফলে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে তারা এখন জমি ও বিভিন্ন ধরনের স্থাবর সম্পত্তির মালিক হতে পারবেন।
মঙ্গলবার (২৩ জুন) সৌদি আরবের মন্ত্রিপরিষদ নতুন এই বিধিমালার অনুমোদন দেয়। এর মাধ্যমে বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর জন্য নির্দিষ্ট কিছু অঞ্চলে সম্পত্তি ক্রয়ের সুযোগ সৃষ্টি হয়েছে।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে সৌদি আরবে বিদেশিদের সম্পত্তি মালিকানার পথ সুগম করতে একটি গুরুত্বপূর্ণ আইন কার্যকর হয়। সেই আইনের ধারাবাহিকতায় এবার নির্বাহী বিধিমালা অনুমোদন পাওয়ায় আইনটি বাস্তবায়নের প্রক্রিয়া আরও স্পষ্ট হলো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন এবং নির্ধারিত শর্ত পূরণ করে বিদেশিরা এখন বৃহৎ পরিসরে স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে পারবেন।
নতুন বিধিমালা অনুযায়ী বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান আবাসিক, বাণিজ্যিক, কৃষি এবং শিল্পখাতের জমি ক্রয় করতে পারবেন। পাশাপাশি সৌদি আরবে বৈধ ব্যবসায়িক লাইসেন্সধারী বিদেশি কোম্পানিগুলো তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় জমি ও ভবনের মালিকানা অর্জনের সুযোগ পাবে। এর ফলে অফিস, গুদামঘর কিংবা কারখানা স্থাপনের ক্ষেত্রে বিদেশি প্রতিষ্ঠানের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে।
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ সৌদি আরবের উচ্চাভিলাষী ‘ভিশন ২০৩০’ কর্মপরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। দেশটি দীর্ঘদিনের তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে বৈচিত্র্যময় অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে চায়। সেই লক্ষ্য বাস্তবায়নে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, বেসরকারি খাতের সম্প্রসারণ এবং আবাসন শিল্পকে আরও শক্তিশালী করার ওপর জোর দেওয়া হচ্ছে।
নতুন নিয়ম কার্যকর হওয়ায় আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য সৌদি আরবের রিয়েল এস্টেট খাতে বিনিয়োগের পরিবেশ আরও স্বচ্ছ ও সহজ হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বৃহৎ আবাসন বাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ তৈরি হওয়ায় বৈশ্বিক বিনিয়োগকারীদের আগ্রহ আরও বাড়তে পারে।
বর্তমানে সৌদি আরব একাধিক মেগা সিটি, অবকাঠামো এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। বিশেষজ্ঞদের ধারণা, বিদেশিদের সম্পত্তি মালিকানার সুযোগ সম্প্রসারণ এসব প্রকল্পে বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক রূপান্তর প্রক্রিয়াকে আরও গতিশীল করবে।
সূত্র: গালফ নিউজ