
বিএনপি নেতা রাশেদ খান প্রশ্ন তুলেছেন, শিবির কি শেখ মুজিবুর রহমানের পরিবর্তে শহীদ ওসমান হাদিকে ‘জাতির পিতা’ হিসেবে প্রতিষ্ঠা করতে চায়? এ বিষয়ে তিনি দাবি করেন, শেখ মুজিবুর রহমানকে ছাড়িয়ে ওসমান হাদিকে বড় করে দেখানোর প্রচেষ্টা শেষ পর্যন্ত শেখ মুজিবকে আরও আলোচনায় নিয়ে আসছে এবং ওসমান হাদির গুরুত্বকে কমিয়ে দিচ্ছে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খান বলেন, সাদিক কায়েম ও এস এম ফরহাদ যখন ক্যাম্পাসে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়েছেন, তখনও শেখ মুজিবুর রহমানকে ফ্যাসিবাদের প্রতীক হিসেবে বিবেচনা করা হতো। তার প্রশ্ন, যদি সেই অবস্থানই সত্য হয়, তাহলে কেন সে সময় শেখ মুজিবুর রহমানের নামে স্লোগান দেওয়া হয়েছিল?
আরও পড়ুন:
চলতি বছরেই দেশে ফিরব: শেখ হাসিনা
তিনি আরও প্রশ্ন তোলেন, বর্তমানে শেখ মুজিবুর রহমানের নামে থাকা হলগুলোর নাম পরিবর্তনের দাবিতে শিবির-সংশ্লিষ্ট নেতারা কেন আন্দোলন করছেন। তার ভাষ্য, গণঅভ্যুত্থানের সময় শেখ মুজিবুর রহমান জীবিত ছিলেন না; তাই সেই সময়ের ঘটনাকে কেন্দ্র করে তার অবস্থান পরিবর্তনের যুক্তি কী— সেটিই স্পষ্ট হওয়া প্রয়োজন।
গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান আরও বলেন, এস এম ফরহাদ যখন ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হয়েছিলেন, তখন নিশ্চয়ই শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতি সমর্থন রেখেই যুক্ত হয়েছিলেন। এরপর কী এমন পরিবর্তন ঘটল যে এখন তিনি শেখ মুজিবুর রহমানের নামে থাকা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন— এমন প্রশ্নও রাখেন তিনি।
উল্লেখ্য, রাশেদ খানের এই বক্তব্য তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত মতামত, যা নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।