
বর্তমানে ধর্ষণের মামলার সংখ্যা বেশি দেখা গেলেও এর অন্যতম কারণ হলো ভুক্তভোগীরা এখন সহজে থানায় গিয়ে বা অনলাইনে অভিযোগ করতে পারছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি দাবি করেন, অতীতের তুলনায় দেশে খুন, ডাকাতি ও অন্যান্য অপরাধের হার কমেছে।
মঙ্গলবার (৩০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ৩১ হাজার ৯৮ কোটি ৮৮ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব উপস্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে বিরোধীদলীয় কয়েকজন সংসদ সদস্য এ বরাদ্দ কমিয়ে ১ টাকা করার ছাঁটাই প্রস্তাব এনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেন।
রুমিন ফারহানার সমালোচনা
আলোচনায় অংশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য তুলে ধরে বলেন, গত মার্চ ও এপ্রিলে দেশে ৬০৫টি হত্যাকাণ্ড, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি, ১৯৬টি অপহরণ এবং ৩ হাজার ৪৯৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। তার দাবি, দেশে প্রতিদিন গড়ে ১০টির বেশি হত্যাকাণ্ড ঘটছে।
আরও পড়ুন:
‘দক্ষতাই আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির বাস্তব চিত্র বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এত বড় বাজেট যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রশংসাও করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব
সমালোচনার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১০ থেকে ১৫ বছরের তুলনায় খুন, নারী ও শিশু নির্যাতন এবং ডাকাতির পরিসংখ্যানে দেশের অবস্থার উন্নতি হয়েছে।
তবে ধর্ষণের মামলা বেশি নথিভুক্ত হওয়ার বিষয়ে তিনি বলেন, আগে সামাজিক ও রাজনৈতিক নানা বাধার কারণে অনেক ভুক্তভোগী থানায় অভিযোগ করতে পারতেন না। বর্তমানে সেই বাধা না থাকায় অভিযোগ দায়েরের সংখ্যা বেড়েছে।
তিনি বলেন, “এখন থানায় গিয়ে কিংবা অনলাইনে অভিযোগ করা যায়। কোনো ধরনের হস্তক্ষেপ না থাকায় ধর্ষণের মামলা রেকর্ডে বেশি দেখা যাচ্ছে। তবে যেখানেই এমন ঘটনা ঘটছে, পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছে।”
মাদক নিয়ন্ত্রণে গ্রাম পুলিশের প্রস্তাব
সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল খালেক মাদক নিয়ন্ত্রণে ইউনিয়ন ও মহল্লাভিত্তিক গ্রাম পুলিশ নিয়োগের প্রস্তাব দেন।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের সক্রিয় সহযোগিতা এবং সামাজিক সচেতনতা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়। তিনি গ্রাম পুলিশকে সম্পৃক্ত করার প্রস্তাবকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
বাজেট নিয়ে যা বললেন মন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলতি অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট আগের বছরের তুলনায় প্রায় ৫০০ থেকে ৭০০ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জুয়া প্রতিরোধ আইন বাস্তবায়নের প্রয়োজন অনুযায়ী আরও বরাদ্দ চাওয়া হবে বলেও জানান তিনি।
রুমিন ফারহানার পোশাক নিয়েও মন্তব্য
অধিবেশনে আইনজীবীদের ব্যান্ড পরে উপস্থিত হওয়া রুমিন ফারহানার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদের নিজস্ব কার্যপ্রণালী রয়েছে এবং সেখানে পোশাক বিষয়ে আলাদা কোনো নিষেধাজ্ঞা নেই। তিনি মন্তব্য করেন, রুমিন ফারহানার পরিধানও ছিল শোভন।