
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যৌতুক নিরোধ আইনে দায়ের করা একটি মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৪ জুন) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে সাজেদা আক্তার (২৬) নামে ওই নারীকে আটক করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হয়।
মামলা সূত্রে জানা যায়, শাকিল আলম নামের এক ব্যক্তি তার স্ত্রী সাজেদা আক্তারের বিরুদ্ধে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলা দায়ের করেন। মামলাটি সিআর-৫৫৮/২৪ নম্বর হিসেবে নথিভুক্ত রয়েছে।
আরও পড়ুন:
নারায়ণগঞ্জে ‘ভুল সময়ে সিজারে’ নবজাতকের মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ
মামলার শুনানি শেষে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (সিদ্ধিরগঞ্জ আমলী আদালত) অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার আলোকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত সাজেদা আক্তার সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী বাজার সংলগ্ন নূর মসজিদ লেন এলাকার বাসিন্দা এবং মো. শাহ আলমের মেয়ে বলে জানা গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার এক কর্মকর্তা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী ওয়ারেন্ট কার্যকর করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের মাধ্যমে অভিযুক্তকে গ্রেপ্তার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।