
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) টিএসসি এলাকায় নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে রিয়াজ আহমেদ (রাজ) নামে এক বহিরাগত যুবককে আটক করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রক্রিয়া শেষে তাকে আশুলিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) রাত প্রায় আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, আটক রিয়াজ আহমেদ ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা। তিনি আরএফএল ইলেকট্রনিক্স গ্রুপের একজন ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আরও পড়ুন:
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশের বাজারেও
অভিযোগপত্র এবং ভুক্তভোগী শিক্ষার্থীদের সহপাঠীদের তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে প্রবেশ করেন। এ সময় এক শিক্ষার্থী তাকে ওয়াশরুমের ভেতরে দেখতে পেয়ে পরিচয় ও সেখানে থাকার কারণ জানতে চান। তবে তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে না পারায় বিষয়টি বাইরে থাকা অন্য শিক্ষার্থীদের জানানো হয়।
পরে উপস্থিত শিক্ষার্থীরা রিয়াজকে আটক করে তার ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করেন। তাদের দাবি, ফোনে নারী শিক্ষার্থীদের গোপনে ধারণ করা একাধিক ভিডিও পাওয়া যায়। এছাড়া কয়েকটি টেলিগ্রাম চ্যানেলের সন্ধানও মেলে, যেগুলোর সঙ্গে এ ধরনের ভিডিও আদান-প্রদানের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। একইসঙ্গে মোবাইল ফোনে পূর্বে ধারণ করা আরও কয়েকজন নারীর ভিডিওও পাওয়া গেছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা ও প্রক্টোরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করে অভিযুক্তকে আশুলিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। বিষয়টি জানার পরপরই প্রক্টোরিয়াল টিম ঘটনাস্থলে যায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর আলী বলেন, অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।