
ফিফা বিশ্বকাপের ‘সি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত ছন্দে রয়েছে ব্রাজিল। প্রথমার্ধে দুই গোলের লিড নেওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে ব্যবধান ৩-০ করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৬১তম মিনিটে ব্রাজিলের হয়ে তৃতীয় গোলটি করেন মাথেউস কুনহা। দারুণ এক আক্রমণ থেকে বল পেয়ে নির্ভুল ফিনিশিংয়ে স্কটল্যান্ডের জালে বল জড়িয়ে দেন তিনি। তার এই গোলে ম্যাচে আরও শক্ত অবস্থানে চলে যায় সেলেসাওরা।
এর আগে প্রথমার্ধে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। স্কটল্যান্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ৭ মিনিটেই গোলের দেখা পান এই তারকা ফরোয়ার্ড। পরে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আরও একটি গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি।
ভিনিসিয়ুসের দ্বিতীয় গোলের আগে স্কটল্যান্ডের ডিফেন্ডাররা একাধিকবার বল ক্লিয়ার করার সুযোগ পেয়েও ব্যর্থ হয়। সেই সুযোগ কাজে লাগিয়ে ব্রুনো গিমারাইসের ক্রস থেকে হেডে বল জালে পাঠান ব্রাজিলিয়ান উইঙ্গার।
আরও পড়ুন:
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা
ম্যাচে আরও একটি গোল করেছিলেন ভিনিসিয়ুস। তবে ভিএআর পর্যালোচনায় গোলের আগে ফাউলের প্রমাণ পাওয়ায় সেটি বাতিল করা হয়।
শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখে কার্লো আনচেলত্তির শিষ্যরা। আক্রমণভাগের ধারালো ফুটবল এবং স্কটল্যান্ডের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে বড় জয়ের দিকেই এগিয়ে যাচ্ছে ব্রাজিল।
এই ম্যাচে জয় পেলে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ জায়গা নিশ্চিত হবে ব্রাজিলের।