
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, সরকার গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় ব্যক্তিদের নিয়োগ দিয়ে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার দিকে এগোচ্ছে। তবে জনগণ এমন কোনো ব্যবস্থা মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (১৯ জুন) সকালে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী এ অনুষ্ঠানের আয়োজন করে।
ডা. শফিকুর রহমান বলেন, ব্যাংক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি), জেলা পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিজেদের পছন্দের লোকদের বসানো হচ্ছে। তার মতে, এসব পদক্ষেপ দেশের রাজনৈতিক বহুত্ববাদকে ক্ষতিগ্রস্ত করছে এবং একদলীয় শাসনের আশঙ্কা তৈরি করছে।
তিনি বলেন, অতীতেও আওয়ামী লীগ সংসদে বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি অবজ্ঞাসূচক আচরণ করত। বিশেষ করে বিএনপি ও জামায়াতে ইসলামীকে নিয়ে নানা ধরনের মন্তব্য করা হতো। বর্তমানে ক্ষমতাসীনদের মধ্যেও একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, দেশের তরুণ প্রজন্মের চিন্তা-ভাবনা ও প্রত্যাশাকে গুরুত্ব দিতে হবে। তিনি সতর্ক করে বলেন, অতীতের রাজনৈতিক ভুলের পুনরাবৃত্তি করা উচিত হবে না।
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির ও সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।